জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম এই তথ্য জানান।
তিনি লিখেছেন, তারেক রহমানের বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে দেশে ফেরার বিষয়টি এখনই তার একক সিদ্ধান্তে সীমাবদ্ধ নয় এবং এটি সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণাধীন নয়। এ প্রসঙ্গে তাকে জানতে চাওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে তার প্রত্যাবর্তনে কোনো বিধিনিষেধ আছে কি না। শফিকুল আলম জানান, এ বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে তিনি জানিয়েছেন, এই বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়।’
তিনি তার পোস্টে আরও বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শনের জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের দোয়া অব্যাহত রাখার জন্যও অনুরোধ করেছেন।’

