• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আসিফ মাহমুদ কেন এনসিপিতে যাচ্ছেন না, প্রশ্ন তুললেন পদত্যাগকারী আরিফ

প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৩:১৬
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৩:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একে সামনে রেখে শিগগিরই উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

দুজন ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম পুরোধা ছিলেন। অভ্যুত্থানের দল এনসিপিকে দুজনেরই গন্তব্য মনে করা হচ্ছিল। তবে এখন অবস্থাদৃষ্টে সে সম্ভাবনাকে ক্ষীণ বলেই মনে হচ্ছে।

সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি– এনসিপিতে। তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারেই কম।

বিভিন্ন সূত্র বলছে, তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন। অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়েও আসিফ মাহমুদ কেন অভ্যুত্থানেরই দল এনসিপিতে যোগ দিচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য পদত্যাগ করা এনসিপি সংগঠক আরিফুল ইসলাম তালুকদার।

তিনি এক ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, ‘আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছে না?’ তার আগেই অবশ্য তিনি তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন কেন আসিফ তা পারছেন না। তিনি বলেন, ‘প্রিয় বিপ্লবী দেশবাসী, আপনারা ভয়ংকর প্রতারিত হচ্ছেন। বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন, এনসিপির নীতিনির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত।’

‘এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীদের বলয়ের দখলে। গত ২৮ নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি। আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যেকোন একটা বেছে নিতে বলা হয়। আমি ফোনেই বলে দিয়েছি, আমি মহান রবকেই বেছে নিলাম। (কথার শেষ অংশ রেকর্ড করা হয়েছে)।’

তিনি আরও জানান আগামীকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন তিনি। তার কথা, ‘সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল ১ ডিসেম্বর ২০২৫, রোজ সোমবার, বিকাল ৩ ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি। এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাব।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম