প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় নেতৃত্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আজ পুরো জাতি তাঁকে অবিভাবক নেত্রী হিসেবে মান্য করে।
তিনি বলেন, জিয়া পরিবার সিলেটের সঙ্গে অবিচ্ছেদ্য এক মায়ার বন্ধনে যুক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন যুদ্ধক্ষেত্রে সর্বশেষ সিলেটকে স্বাধীন করেন, তেমনি বেগম খালেদা জিয়াও জাতীয় রাজনীতিতে সবসময় সিলেটকে অগ্রাধিকার দিয়েছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি নিয়মিত সিলেট সফর করতেন- যা সিলেটের প্রতি তাঁর আত্মিক সম্পর্কের প্রকাশ।
কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান আজও জনগণের কাছে উজ্জ্বল ও স্মরণীয়। তাঁর নেতৃত্বে সিলেট বিভাগ প্রতিষ্ঠা, ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়ন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। প্রবাসী সিলেটিদের সুবিধা বৃদ্ধি এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাজনৈতিক নিপীড়ন, দীর্ঘ কারাজীবন, বাসভবন উচ্ছেদ, এমনকি সন্তান হারানোর মতো মানসিক আঘাত- এসব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তিনি কখনো প্রতিহিংসা ছড়াননি। বরং শান্তি, সংযম ও গণতান্ত্রিক ধৈর্যের বার্তা দিয়ে মানুষের প্রতি তাঁর মহত্বের পরিচয় রেখেছেন।
কাইয়ুম চৌধুরী জানান, বেগম জিয়ার সুস্থতা নিয়ে দেশ-বিদেশের মানুষ গভীর উদ্বেগ ও ব্যাকুলতায় দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “জাতির প্রত্যাশা- দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসবেন।” এসময় তিনি খালেদা জিয়ার সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান টিপু, মো. সাহাদ মিয়া মেম্বার, রেজাউর রহমান চৌধুরী রাজু, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, হোসাইন আহমদ পাটোয়ারী শিপন, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, সহ- যুব বিষয়ক সম্পাদক শেখ ওয়েছ আহমদ মিটু, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহিন আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, ইউনিয়ন সভাপতি সনজিদ আলী, নির্বাহী সদস্য মেহেদি হাসান রফি ও সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাবেল রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিয়ান।













