• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এভারকেয়ারে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ২:২৪
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ২:২৪

এভারকেয়ারে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। এরপর তিনি চতুর্থ তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যান, যেখানে বিশেষ ব্যবস্থায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘সিসিইউতে চিকিৎসাধীন চেয়ারপারসনের শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধান উপদেষ্টা। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন। পরে ডা. জাফর ইকবাল প্রধান উপদেষ্টাকে চেয়ারপারসনের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা ব্রিফ করেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন,‘ প্রধান উপদেষ্টার সঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার ছোট ছেলের সহধর্মিনী সৈয়দা শামিলা রহমানও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা হাসপাতালে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। এরপর তার গাড়িবহর হাসপাতাল থেকে বের হয়।’

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত (২৩ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে যান। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দলও বুধবার তার চিকিৎসায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছে।

চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যদি খালেদা জিয়াকে দেশের বাইরে ট্রান্সফার করা প্রয়োজন হয়, মেডিকেল বোর্ড সেটি যথাযথ সময়ে সম্পন্ন করবে।’

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে বাংলাদেশ থেকে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এ জেড এম সালেহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রফিকউদ্দিন আহমেদ, অধ্যাপক জন হ্যামিল্টন ও ডাক্তার হামিদ রব, এবং যুক্তরাজ্য থেকে অধ্যাপক জন প্যাট্রিক, অধ্যাপক জেনিফার ক্রস ও ডাক্তার জুবাইদা রহমান মেডিকেল টিমে যুক্ত রয়েছেন। এই দলের যৌথ তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।