জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, প্রতি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে থাকে। এই সাক্ষাৎকারে ভোটের তারিখসহ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। চলতি বছরের নিয়ম অনুযায়ী এবারও একই প্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যে যে কোনো এক দিনে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘তফসিল ও গণভোট সম্পর্কিত আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ হওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।’
ইসি সূত্র আরও জানায়, রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি চূড়ান্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেওয়াজ হিসেবে বিবেচিত হয়। এতে নির্বাচন পরিচালনার সকল প্রয়োজনীয় বিষয় রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

