জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ মিছিল বের হয়। এতে মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এক পর্যায়ে স্থানীয় জনসাধারণকেও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিতে দেখা যায়।
মিছিল-পরবর্তী পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, প্রশাসনের ওপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব রয়েছে। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়—যা কোনোভাবেই বিতর্কিত হওয়া চলবে না। ফ্যাসিবাদমুক্ত করতে অতীতে যেভাবে গণতন্ত্রকামী সব শক্তি ঐক্যবদ্ধ ছিল, একইভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আগামী নির্বাচনে যেকোনো বাধা–ষড়যন্ত্র রুখে দিতে হবে।
জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, “ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জাতীয় নির্বাচনের মতোই জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।” তিনি দেশবাসীকে ‘হ্যাঁ’ প্রস্তাবকে জয়যুক্ত করতে আহ্বান জানান।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অর্থবহ করতে অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিতে হবে। জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো. সরোয়ার হোসেন, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিনসহ মহানগরীর বিভিন্ন থানা আমির, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।













