জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত শ্যুটারের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম চা খাচ্ছেন। বিষয়টি নিয়ে রুহুল কবীর রিজভী এক সমাবেশে মন্তব্য করেছেন, যা নিয়ে সাদিক কায়েম প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টা ৪১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিক কায়েম লিখেছেন, “আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই-জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবীর রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা কোনোভাবে প্রত্যাশিত বা দায়িত্বশীল আচরণ নয়।”
তিনি আরও বলেন, “যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন কোনো সংকটে সত্য যাচাই না করে আওয়ামীনির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন দেশের ভবিষ্যৎ নির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।”
সাদিক কায়েমের বক্তব্য, “আজকের সমাবেশে রুহুল কবীর রিজভীর প্রদত্ত বক্তব্যে যে ভুয়া অভিযোগ উঠেছে— যাতে আমাকে অভিযুক্ত শুটারের সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন বলে দেখানো হয়েছে— সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি প্রকাশ্যে রিজভীকে এই অপতথ্য ছড়ানোর জন্য ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করার আহ্বান জানাচ্ছি। এছাড়া বিএনপি দলকেও অনুরোধ করছি, ব্যক্তিগতভাবে রিজভীকে দায়িত্বশীল হতে বলার মাধ্যমে অপতথ্য প্রচারের দায় থেকে মুক্তি দিতে।”













