জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশ, বিদেশে ‘ভুল বার্তা যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শামীম হায়দার পাটোয়ারী৷
পরে তিনি সাংবাদিকদের বলেন, ওসমান হাদির ওপর যেভাবে আঘাত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। দুঃখ-ভারাক্রান্ত মনে আমরা বলি, দেশ সরকার প্রশাসন গোয়েন্দা সংস্থা মিলে নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ এখনও তৈরি করতে পারেনি৷ একজন প্রার্থীকে যেভাবে আঘাত করা হয়েছে এটাতে খুব রং মেসেজ ( ভুল বার্তা) যাচ্ছে। সরকারকে খুব দ্রুত দেখাতে হবে তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে৷ তাদের দেখাতে হবে যে তারা নির্বাচন করার জন্য যথেষ্ট প্রস্তুত।
শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট নিয়ে জাপা মহাসচিব বলেন, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে একটা জাতিকে পঙ্গু করার জন্য, একটা জাতির বুদ্ধিভিত্তিক সত্তাকে বিনষ্ট করার জন্য৷ তারা বৈষম্যমুক্তির জন্য জীবন দিয়েছিলেন৷ কিন্তু সে বৈষম্য বাংলায় এখনও আছে।
গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে একাত্তরের বীর গেরিলাযোদ্ধারা অভিযোগ করেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে৷ জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও এ বিষয়ে একমত পোষণ করেন৷
তিনি বলেন, আমরা মনে করি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, একাত্তরকে বাদ দিয়ে কোনো চেতনা হতে পারে না। একাত্তরবিরোধী কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গলকর হতে পারে না৷
জাতিগত ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, সকল বৈষম্য ভেদ করে আমরা ঐক্য ও সমতার বাংলাদেশ গড়ে তোলব৷ বাংলাদেশ বৈষম্যবিরোধী একটি দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে৷













