• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৫১
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৫১

9658749

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চব্বিশের জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, চব্বিশের জুলাই যোদ্ধা যারা আছে, তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তাদের নিরাপত্তার কী ব্যবস্থা হবে? আমি স্পষ্ট করে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ; তাদের কোনো রকমের অনিরাপত্তার ঝুঁকিতে যেতে দেব না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, জাতীয়তাবাদী পতাকা নিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। আমরা সবাই সেদিন জেগে উঠব। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য অবশ্যই সবাই জেগে উঠব।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নতুন প্রজন্ম ইতিহাস জানেন না, গল্পও শুনতে চান না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এ কথাটা সত্যি। উনি ঘোষণা দিয়ে কি ঘুমিয়েছিলেন? উনি যুদ্ধ করেছেন এবং বাংলাদেশের যে কয়টি সেক্টর ছিল, সব সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতের সীমানার ভেতরে। একমাত্র শহীদ জিয়াউর রহমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে। বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে থেকেছেন, মাঠে যুদ্ধ করেছেন। সে জন্য আমরা আজকে তার গর্বিত সৈনিক।

এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুবদলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com