• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৫:৫০
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৫:৫০

সিলেটে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পৃথক দুটি দুর্ঘটনায় মোহাম্মদ জিহাদ (২০) নামে একজন পর্যটক ও গ্যাসফিল্ডে কর্মরত আনসার সদস্য মস্তোফা মিয়া (৪০) নিহত হয়েছেন। এছাড়াও পর্যটকসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে। একটি দুর্ঘটনায় পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপের এবং অন্যটিতে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পর্যটকবাহী হাইয়েসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার নুরুল হক নুরার ছেলে মোহাম্মদ জিহাদ নিহত হন। বাসটি পর্যটক নিয়ে সিলেটের জাফলং এলাকায় যাচ্ছিল। বাসে থাকা ১১ জন যাত্রী আহত হন।

অন্যদিকে, একইদিন সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার ৭নং গ্যাসকূপ সংলগ্ন সিকারখাঁ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও পর্যটকবাহী হাইয়েসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর হাইয়েসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় উঠে গেলে সেখানে অবস্থানরত আনসার সদস্য মস্তোফা চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি শেরপুর জেলার নকলা থানার বারৈকান্দি গ্রামে। তিনি হরিপুর গ্যাসফিল্ডে কর্মরত ছিলেন। এ ঘটনায় সিএনজি চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল মরদেহ এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সহায়তা করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com