• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৩
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৩

তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গুলশান এভিনিউ ১৯৬ নং বাসা-তে উঠবেন তারেক রহমান। এই বাসা পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’-তে থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার বিকেলে গুলশানের ৯০ নং সড়কে ১০/সি নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

আগামী ২৫ ডিসেম্বর, ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর, ঢাকায় ফিরছেন তারেক রহমান। তার আগমনের দিন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতা-কর্মীরা সংবর্ধনা জানাবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের নেতার অপেক্ষা আছে দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সড়কে দুই পাশে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতির কাজ করছি।”

গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় তারেক রহমানকে কীভাবে সংবর্ধনা দেওয়া হবে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের বাসভবন গুলশান এভিনিউ ১৯৬ নং বাসা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এর মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে বাসাটি বরাদ্দ দেন খালেদা জিয়াকে। সম্প্রতি এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

বাসার সামনে নিরাপত্তা ছাউনি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও আলাদা চেম্বার তৈরি করা হয়েছে।

গুলশানে নতুন অফিস
গুলশানের ৯০ নং সড়কের ১০/সি বাড়ি বিএনপি অফিস হিসেবে ভাড়া নেওয়া হয়েছে। চার তলায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, দোতলায় ব্রিফিং রুম, অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা এবং গবেষণা সেল।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, “দীর্ঘদিন ধরে যারা কাজ করছি, তারা অধীর আগ্রহে সময় গুনছে, কখন আমাদের নেতা তারেক রহমান ঢাকায় ফিরবেন। এই প্রস্তুতি মূলত তারেই ঘিরে।”

‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতা
মাহাদী আমিন জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুরু করা হচ্ছে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। দেশের এবং বিদেশের সব নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীরা ১ মিনিটের ভিডিওতে তাদের পরিকল্পনা, চিন্তাভাবনা, গান, সংলাপ, ডকুমেন্টারি বা আর্টের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শীর্ষ ১০ বিজয়ীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, জিয়া উদ্দিন হায়দার, চেয়ারম্যানের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com