জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ‘দেশের অনেক বিজয় মঞ্চে স্বাধীনতা বিরোধী দালাল চক্র সক্রিয় রয়েছে। তিনি বলেন, এই চক্র আগে পাকিস্তানি বাহিনীর দালাল হিসেবে কাজ করত, এখন প্রশাসনের বিভিন্ন পদে তাদের দোসররা অবস্থান করছে। প্রশাসনে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররাও রয়েছে।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জামালপুরের প্রশাসনেও কিছু কিছু পদে স্বাধীনতা বিরোধী, জামায়াত ইসলামের দোসর ও পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা বসে আছে। এখনো সময় আছে, নিজেদেরকে শোধরানোর ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা যদি গণতন্ত্র, নির্বাচন, জনগণ, ৭১ ও ২৪ এর চেতনার বিরুদ্ধে কোনো কর্মকান্ড চালান, তবে আপনাদেরও পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের পরিণতি ভোগ করতে হবে। লক্ষ লক্ষ শহীদের আত্মদানের মাধ্যমে আমরা দেশের বিজয় অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় এবং তারা দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়। দেশের সবাই, বিশেষ করে তরুণ ও ছাত্রদের, স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে সজাগ থাকতে হবে।’
জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আলোচনা সভা, দোয়া ও র্যালির আয়োজন করে। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা।
আলোচনা সভার শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।













