• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রংপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ : ক্লাস পরীক্ষা বর্জন

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৬:১২
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৬:১২

রংপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ : ক্লাস পরীক্ষা বর্জন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় মাসেও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ আট দফা বাস্তবায়ন না হওয়ায় রংপুরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) তাজহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউশন থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে তাজহাট মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার ব্লকেডে লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে অংশ নিয়ে কৃষি ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সুস্মিতা বলেন, ‘আমাদের জন্য স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এটা বিলাসিতা নয়, এটা আমাদের অধিকার। কারণ আমরা যেসব শিক্ষার্থী কৃষি ডিপ্লোমা পড়ি, তাদের ২/১ জন বাদে সবাই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের।’ এই দাবি কেন মানা হচ্ছে না, সেই প্রশ্ন রাখেন এই শিক্ষার্থী।

অংশগ্রহণকারী পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মাঈশা আখতার মুক্তি বলেন, ‘আমরা চব্বিশের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। ৫ আগস্টের পর আমরা খামারবাড়িতে আন্দোলন করেছি, সরকারের কাছে বলে আসছি। আমাদের যৌক্তিক আট দফা মেনে নেয়ার জন্য সরকার আমাদের জানিয়েছিলেন। কিন্তু নয় মাসেও তা পূরণ করা হয়নি। আমরা মনে করি পরিকল্পিতভাবে আমাদের দাবি মানা হচ্ছে না। সেকারণে আমরা ক্লাস পরীক্ষা ছাড়তে বাধ্য হয়েছি। দাবি মেনে নিয়ে আমাদের ক্লাস পরীক্ষায় বসার এবং উচ্চ শিক্ষার সুযোগ করে দেয়া হোক।’

আন্দোলনকারী শিক্ষার্থী ছামিউল ইসলাম বলেন, ‘একনাগারে ১৭ দিনের আন্দোলন শেষে গত ২১ এপ্রিল কৃষি উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের আশ্বাস পেয়ে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু অজ্ঞাত কারণে তারা আমাদের মানতে টালবাহানা করছে। সেকারণেই আমরা পড়ার টেবিল, পরীক্ষার টেবিল ছেড়েছি। আজ এক ঘণ্টার মহাসড়ক ব্লকেড করলাম। প্রতিদিনই এর মাত্রা বাড়বে। প্রয়োজনে আমরা সচিবালয় ব্লকেড কর্মসূচিতে যাব।’

মোসাদ্দেক হোসেন নামে এক শিক্ষার্থী আন্দোলনকারী প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, তাহলে এদেশে কৃষিশিক্ষা এত অবহেলিত কেন? উচ্চশিক্ষা কেন আমরা পাব না? আমরা চাই স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা ক্লাস পরীক্ষা ছেড়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না।’

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও নিয়মিত নিয়োগ নিশ্চিত, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সস্প্রসারণ অধিদফতরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার, বেসরকারি চাকরিতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডের বেতন কাঠামো, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং চাকরিতে প্রবেশের পর উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছে কৃষি শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com