• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

শহীদ ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৬:১৭
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৬:১৭

শহীদ ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং সিআইডিকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ। এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ এই আবেদন করেন।

এতে বলা হয়েছে, মামলার ঘটনার ভিকটিম শরিফ ওসমান হাদি ওরফে ওসমান গনি (৩৩) গত ১২ ডিসেম্বর বেলা দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোড সংলগ্ন ডিআর টাওয়ারের সামনে দুষ্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আবেদনে আরো বলা হয়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ভিকটিমের লাশ বাংলাদেশ বিমানযোগে দেশে এনে গত ২০ ডিসেম্বর সকালে লাশের সুরতহাল সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন লাশের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করেন। মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে ভবিষতের জন্য উক্ত ডিএনএ নমুনা সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে প্রোফাইলিং এবং সংরক্ষণ করার জন্য সিআইডির ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশের চীফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিকে আদেশ প্রদান করা প্রয়োজন।

সূত্র : বাসস