জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী’র পর এবার রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবিতে এবং জুলাই সনদের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে ঢাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এই মহাসমাবেশের সুনির্দিষ্ট স্থান এখনও প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ওসমান হাদিসহ সকল হত্যায় জড়িত প্রকৃত দুষ্কৃতকারীদের গ্রেফতার, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে সমতাভিত্তিক পরিবেশ তৈরি এবং জুলাই সনদের পক্ষে জনমত গড়ার উদ্দেশ্যে এই মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আমির চরমোনাই পীর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ওসমান হাদি হত্যার সঙ্গে যুক্ত অপরাধীদের এখনও আইনের আওতায় না আনায় হতাশা প্রকাশ করেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় উল্লেখযোগ্য, আজ (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করেছেন। তাকে রাজধানীর পূর্বাচল এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়। তারেক রহমানকে সংবর্ধনা জানানো হয়ে যাওয়ার পরপরই জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশও মহাসমাবেশের ডাক দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দলগুলো জনসমাবেশের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করতে চাইছে।

