জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার মাধ্যমে তাদের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারা আগেই অনলাইনে ফরম পূরণ করেছিলেন। আজ কেবল বায়োমেট্রিক তথ্য দিয়ে নিবন্ধন শেষ করেন। যাচাই শেষে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর তৈরি হবে।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর শনিবার ভোটার হন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছিল, মনোনয়নপত্র দাখিলের আগে তিনি ভোটার হবেন। ইতোমধ্যে তাকে বগুড়া-৬ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে মা ডা. জোবাইদা রহমানের সঙ্গে ইটিআইতে আসেন জাইমা রহমান। পরে দুপুর ১টার দিকে তারেক রহমান এসে নিবন্ধন শেষে সোয়া ১টার দিকে বেরিয়ে যান।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।













