জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ২৪ মিনিটে তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করতে সমাধিস্থলে প্রবেশ করেন।
বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুল ইসলামের কবরে পাশে শায়িত শরিফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবি উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন প্রমুখ।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে সমাধিস্থলের প্রবেশ মুখে তাকে অভ্যর্থনা জানাতে দেখা গেছে।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা দেন তিনি।
এদিকে তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের জন্য শাহবাগ ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।
হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্বাচন কমিশনে যাবেন।













