• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশবাসীকে তারেক রহমানের নববর্ষের শুভেচ্ছা

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৫:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৫:৩৮

দেশবাসীকে তারেক রহমানের নববর্ষের শুভেচ্ছা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

“ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি”- ইংরেজি নববর্ষ উপলক্ষে এমন আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে দেশবাসী ও বিশ্ববাসীর উদ্দেশে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তারেক রহমান।

নববর্ষকে কেবল একটি উৎসব নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, নতুন বছরে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সময় এসেছে। এমন একটি রাষ্ট্র নির্মাণের প্রত্যাশা করেন তিনি, যেখানে প্রত্যেক নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।

নতুন বছরে রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি লেখেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনের জন্য একযোগে কাজ করতে হবে।

নববর্ষকে নতুন প্রাণের স্পন্দন, নতুন আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে উল্লেখ করে তারেক রহমান প্রত্যাশা করেন, অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাবে এবং চিরদিনের জন্য দূর হয়ে যাবে সব অন্যায়, উৎপীড়ন ও নির্যাতন।

সবশেষে তারেক রহমান লেখেন, নববর্ষে আমাদের উচ্চারণ হোক—
“ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন ভালবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।”