• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুলশানে মায়ের দোয়ায় তারেক রহমান, কাঁদলেন নেতাকর্মীরাও

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১০:০০
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১০:০০

966659852 2

গুলশানে মায়ের দোয়ায় তারেক রহমান, কাঁদলেন নেতাকর্মীরাও

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) এ দোয়া অনুষ্ঠিত হয়। বিকাল ৪টার কিছু সময় আগে তারেক রহমান মসজিদে উপস্থিত হয়ে জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি তার মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

দলীয় প্রধানের মৃত্যুর দুদিন পর অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মী মোনাজাতের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অঝোরে কাঁদেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক এই সরকারপ্রধানের জন্য দলীয় উদ্যোগেই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, এ জেড এম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা।

মসজিদে নারীদের জন্য নির্ধারিত পৃথক নামাজের স্থানে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি এবং তার কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনেরা।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারা, ঢাকা মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। পরদিন বুধবার রাষ্ট্রীয় সম্মান ও জানাজা শেষে তাকে তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com