জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ২১ জানুয়ারি দেশের অভ্যন্তরে ভোটারদের জন্য পোস্টাল ব্যালট বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম জানান, ‘পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ২৪০ এবং প্রবাসী ৭ লাখ ৮২ হাজার ৫৪২ জন।’
তিনি আরও জানান, ‘নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে সপ্তাহে তিন দিন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং অনুষ্ঠিত হবে। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্রিফিংয়ে নির্বাচনের প্রস্তুতি, সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত আপডেট দেওয়া হবে।’
নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে শফিকুল আলম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে নির্বাচনের প্রস্তুতি পুরোপুরি চলছে। সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রত্যেক জেলা ও উপজেলায় মনিটরিং ব্যবস্থা থাকবে। এছাড়া পুলিশ, আনসার ও কোস্টগার্ডের প্রশিক্ষণ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।’
তিনি আরও জানান, ‘গণভোট ও নির্বাচনের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রধান উপদেষ্টা আলেম সমাজের সঙ্গে বৈঠক করেছেন। আজ ৫০০ জন আলেমের সঙ্গে ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মিজানুর রহমান আজহারী এবং শায়খ আহমাদুল্লাহও উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকে ভোটারদের মধ্যে গণভোট নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’












