জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তিনি বলেন, দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই।
বুধবার ( ৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকার একটি গলিতে আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) শোক জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে নির্মমভাবে হত্যার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জানমাল রক্ষায় দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে তৎপর হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে এবং এই হত্যাকাণ্ড তারই নির্মম উদাহরণ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক ঝুঁকিতে পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজিজুর রহমান মুছাব্বির হত্যার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।












