• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃহস্পতিবারের হরতালে রাজপথে নামার আহ্বান বাম জোটের

প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ৪:৪২
আপডেট: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ৪:৪২

9600026 13

বৃহস্পতিবারের হরতালে রাজপথে নামার আহ্বান বাম জোটের

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডাকা অর্ধ দিবস হরতাল সফল করতে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে জোটের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সরকার বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ অন্য চালের দাম অস্বাভাবিক বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। এই মূল্যবৃদ্ধি মানুষ কোনোভাবেই সহ্য করতে পারছে না।’

‘আমরা মনে করি সরকারের এসব গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে মানুষের পকেট কাটার এই উৎসব চলতে থাকবে। মানুষ নিষ্পেষিত হতে থাকবে।’

বাম জোটের সমন্বয়ক বলেন, এমন পরিস্থিতিতে দেশবাসীকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথে থেকে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি। এরপরও সরকার দাম কমানোর পদক্ষেপ না নিলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচির জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালসহ অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও মরদেহ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান এবং খাবার হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

এ সময় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদের রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com