জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি। গণঅধিকার পরিষদের পক্ষে অংশ নেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম ও রবিউল হাসান।
বৈঠক শেষে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, আলোচনায় দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে বিস্তারিত কথা হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার, দলটির রাজনৈতিক অবস্থান, জনগণ কেন তাদের ভোট দেবে এবং প্রার্থীরা ভোটারদের কাছে কী ধরনের বার্তা দিচ্ছেন সে বিষয়ে জানতে চান।
এ ছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে কি না—এ ধরনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।












