আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত ছবি
ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা মনে করছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে জামায়াতে ইসলামী বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে কখনো জিততে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের জনসমর্থন এতটাও নেই।’
তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে অনিয়ম হলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ তৈরি হতে পারে। শ্রিংলা বলেন, ‘অনেকেই তাদের নির্বাচনে এগিয়ে রাখছে। কিন্তু যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তখনই তারা ক্ষমতায় আসতে পারে। অন্যথায় এটি অসম্ভব।’
এর আগে তিনি ভারতের অবস্থানও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। তবে আমি এখনও এমন পরিস্থিতি দেখিনি। নির্বাচন হবে কি না, তাও নিশ্চিত নয়। সেখানে নিরাপত্তার বিষয়টি উদ্বেগের। নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, তা দেখতে হবে। অনিশ্চয়তা এবং প্রশ্ন রয়েছে।’
শ্রিংলা আরও দাবি করেন, ‘বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। রাজনৈতিক স্বার্থে তাদের ছাড় দেওয়া হচ্ছে। এই প্রবণতা ভারতের নিরাপত্তা ও ভবিষ্যত উন্নয়নের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশিরা ভারতে এসে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এটি বাংলাদেশের নিজের ভুল। এর প্রভাব ভবিষ্যতে খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রেও পড়বে এবং বাংলাদেশ পিছিয়ে পড়বে।’
শ্রিংলার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু বাস্তবায়ন ও সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।












