জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন।
আমির খসরু বলেন, আজকের সমাবেশে সমগ্র চট্টগ্রামের মানুষ এসেছেন। যা জনসমুদ্রে পরিণত হয়েছে। এই চট্টগ্রাম থেকেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, ‘এই সেই চট্টগ্রাম, যেখান থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের মানুষের হৃদয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবস্থান আজও অটুট রয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে চট্টগ্রামের সব সংসদীয় আসনে বিএনপি বিজয়ী হবে আশা রাখি।’
খসরু বলেন, শুধু বক্তব্য দিয়ে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা যাবে না। বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমেই চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপির নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমই চট্টগ্রামকে সেই জায়গায় নিয়ে যাবে। চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শহরটিকে একটি আঞ্চলিক অর্থনৈতিকভাবে পরিণত করা হবে। এতে শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চল উপকৃত হবে। চট্টগ্রামকে ঘিরে শিল্প, বন্দর, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।












