• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তিন অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে এবি পার্টির বৈঠক

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৫:৪৮
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৫:৪৮

তিন অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে এবি পার্টির বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রচারণায় বাধা, কর্মীদের ওপর অতর্কিত হামলা এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠক শুরু হয়। বৈঠকে লিখিত অভিযোগ জানানো হবে বলেও এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে।

এবি পার্টির লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আমাদের দল নিম্নোক্ত পাঁচটি আসনে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে– ফেনী-২, মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া (মঞ্জু); পটুয়াখালী-১, প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.); বরিশাল-৩, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ); কুমিল্লা-৫, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া; সুনামগঞ্জ- ৩, সৈয়দ তালহা আলম।

নির্বাচনি তফসিল ঘোষণা ও প্রচারণা শুরু হওয়ার পর থেকেই আমাদের প্রার্থীরা উল্লেখিত আসনগুলোতে, বিশেষ করে বরিশাল-৩ আসনে, চরম বৈরী পরিস্থিতির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে; যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দৃশ্যত নিষ্ক্রিয় এবং হতাশাজনক।

অভিযোগপত্রে আরও বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে উল্লেখ্য, আমাদের দলের সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়ার (ব্যারিস্টার ফুয়াদ) নির্বাচনি কার্যক্রমে ধারাবাহিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এর সর্বশেষ দৃষ্টান্ত শুক্রবার (২৩ জানুয়ারি) মুলাদী পৌরসভার চরটেকি এলাকায় ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ বয়াতি ও তার সহকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

দলটির অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ওই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ওইদিন সন্ধ্যায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সারা দেশে বিশেষ করে উল্লেখিত পাঁচটি আসনে আমাদের প্রার্থীদের জান-মালের নিরাপত্তা ও নির্বিঘ্নে প্রচারণা চালানোর পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের বলিষ্ঠ ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

সিইসির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে এবি পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com