নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ইভিএম কেনো, বর্তমান কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বিএনপি।’
শুক্রবার (২৬ আগস্ট) সকালে মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপি র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনকে সরকারের দালাল আখ্যা দিয়ে মোশাররফ বলেন, ২০১৪ ও ১৮ সালের মতো আবারও ভিন্ন পন্থায় কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই দেড়’শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। তাদের এই সিদ্ধান্ত জনগণ মানবে না। এই কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।
মোশাররফ বলেন, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ চরিতার্থের জন্য দেশের দূরাবস্থা তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের ব্যর্থতার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা বিএনপির লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে সংসদ বাতিল করে সরকারের পদত্যাগ দাবি জানাচ্ছি। নতুন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে।












