জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ মালিকের পক্ষে নির্বাচনি প্রচারণায় আসছেন প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসীনা রুশদির লুনা।
আগামীকাল (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনি এম এ মালিকের পক্ষে প্রচারণা চালাবেন।
আজ মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌড়ীপুর বিএনপি আয়োজিত সব ওয়ার্ডে নির্বাচনি প্রচারণায় অংশ হিসেবে পথসভা, জনসংযোগ ও উঠান বৈঠকে এম এ মালিক এ কথা জানান।
এম এ মালিক জানান, আগামীকাল পূর্বনির্ধারিত অন্য কর্মসূচি স্থগিত করে দুই ঘণ্টার জন্য এ সভার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘বালাগঞ্জ একটি ঐতিহ্যবাহী জনপদ। এই এলাকার মানুষের জন্য নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী আজীবন কাজ করে গেছেন। তিনি কোথায় আছেন- তা আল্লাহই ভালো জানেন। আমরা তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করি।’
তিনি আরও জানান, ‘কালকে লুনা আপা দেওয়ান বাজারে আসছেন। তিনি আমাদের দলের নয়, বরং পুরো এলাকার পক্ষ থেকে মানুষের কথা শুনতে আসবেন।’
পবিত্র সবে কদরের রজনীর কথা উল্লেখ করে এম এ মালিক বলেন, ‘আমি জানি, আজ সারারাত আপনারা ইবাদতে থাকবেন। এরপরও কষ্ট করে দুপুর ২টায় সভায় উপস্থিত থাকার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই এলাকার মানুষের বহু দাবি এখনো অপূর্ণ রয়ে গেছে। ইনশাআল্লাহ বিএনপি যদি জনগণের ম্যান্ডেট পায়, তাহলে এসব দাবি বাস্তবায়ন করা হবে।’
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মা-বোনেরা ফজরের নামাজ আদায় করে, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা পূজা শেষ করে যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।’
এ সময় তিনি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভোটের দিন শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের মাঠে থাকতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।’
সভা শেষে এম এ মালিক বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাকে মানুষের সেবার নির্দেশ দিয়েছেন। আমি সেই প্রস্তুতি নিয়েই আপনাদের পাশে এসেদ দাঁড়িয়েছি। জীবন থাকতে আমি এই এলাকার মানুষের সাথেই থাকব।’
আরও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌড়ীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ শরীফ, সকল ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব খসরুজ্জামান খসরু, বালাগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মুনিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।












