জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, আমাদের সবার সমস্যা অনেক। একই সঙ্গে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধানও সম্ভব। আমাদের দরকার সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে নির্বাচনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভাটির আয়োজন করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। দেশে আসার পর জুবাইদা রহমানের রাজনৈতিক অনুষ্ঠানে এটি তার প্রথম বক্তব্য। এর আগে তিনি তারেক রহমানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি।
প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, আমরা বলি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র জনগণকে উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ। আর সে জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ভেদাভেদের আগে সমতা এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাইকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার। সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা। শোষণের আগে অধিকার।
উপস্থিত সবার উদ্দেশে জুবাইদা রহমান বলেন, আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন। আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। এসব সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে আমরা সাধ্যমতো আপনাদের কথা আরও শুনব, আরও জানব। আমরা একে অপরকে আরও জানার চেষ্টা করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও ইসমাইল জবিউল্লাহ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি ড. এবিএম ওবায়দুল ইসলামসহ আরও অনেকে।












