ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) নির্বাচনি এলাকার মাঠে কৃষকদের সঙ্গে ধান লাগিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
এ সময় তিনি কৃষকদের কাছে ভোট চেয়ে নিজে মাঠে নেমে ধান রোপণ করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কালীগঞ্জ পৌর শহরের শ্রীরামপুর এলাকার একটি ধানখেতে ভোট চেয়ে এ গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন রাশেদ খান।
উপস্থিত কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু দীর্ঘদিন ধরে কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি সংসদে যেতে পারলে কৃষকের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।’
তিনি আরও বলেন, ‘ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার ও বীজের সহজলভ্যতা, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার আনা হবে। শুধু ভোটের সময় নয়, সব সময় কৃষকের পাশে থাকতে চাই।’
এ সময় রাশেদ খানের সঙ্গে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।












