• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনে ভয়মুক্ত পরিবেশ ছাড়া কাঙ্ক্ষিত ভোটার অংশগ্রহণ সম্ভব নয়

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১১
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১১

9666520

নির্বাচনে ভয়মুক্ত পরিবেশ ছাড়া কাঙ্ক্ষিত ভোটার অংশগ্রহণ সম্ভব নয়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ভয়মুক্ত পরিবেশ ছাড়া কাঙ্ক্ষিত ভোটার অংশগ্রহণ সম্ভব নয় এবং রাজনৈতিক দল ও প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন, সে জন্য একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক ও অ্যালিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ব্রুনো লাক্রাম্পের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।

প্রতিনিধিদলটি আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে মেয়রের মতামত জানতে চাইলে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ভয়মুক্ত পরিবেশ ছাড়া কাঙ্ক্ষিত ভোটার অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং রাজনৈতিক নেতা-কর্মীরা বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।’

ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়া তরুণদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তরুণ ভোটাররাই গণতন্ত্রের ভবিষ্যৎ।’ তবে ২০০১ সালের পর দেশে কোনো সর্বজনগ্রাহ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। মেয়র মনে করেন, গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে আসন্ন নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই।

নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের নিরপেক্ষ আচরণের ওপর গুরুত্বারোপ করেন চসিক মেয়র। তিনি বলেন, ‘স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কমিশনের কাজ হবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভয় তৈরি করা নয়।’

মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে মেয়র বলেন, ‘সাংবাদিকরা যাতে নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি বজায় থাকবে।’ একই সঙ্গে তিনি নাগরিক সমাজ, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের অবাধ প্রবেশাধিকার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মতবিনিময় শেষে ফরাসি প্রতিনিধিদল নির্বাচনের বিষয়ে মেয়রের মতামতকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে। এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com