ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ অভিযোগ করেন তিনি।
রুমিন ফারহানা লিখিত অভিযোগে বলেন, সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনি এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে অসৌজন্য এবং অসহযোগিতামূলক আচরণ করেন ইউএনও। এর আগেও অনেকবার বিএনপি জোট-সমর্থিত প্রার্থীর নানা অনিয়ম এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তাকে।
ইউএনওর পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা জানিয়ে ইউএনওর বিরুদ্ধে দুদকে অভিযোগ করা আছে উল্লেখ করে গুরুত্ব সহকারে সেই অভিযোগ বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান রুমিন ফারহানা।
রুমিন ফারহানার অভিযোগ ভিত্তিহীন দাবি করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, ‘কোনো প্রার্থী যদি কোনো বিষয়ে লিখিত অভিযোগ দেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করি এবং করব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। তিনি (রুমিন ফারহানা) আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি।’
ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। তার প্রতীক ‘হাঁস’। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।












