জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই ঐক্য’ আয়োজিত ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির সমাবেশে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: খবরের কাগজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘কাগুজে বাঘ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান আসল কোনো শক্তি নন, অথচ সরকার তাকে ভয় পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় শহিদ মিনারে ‘জুলাই ঐক্য’ আয়োজিত ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। সরকার তাকে ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। আমি সরকারকে বলব, ভয় পাবেন না।”
নির্বাচন কমিশন ও চলমান রাজনৈতিক সমঝোতার সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, “তারেক রহমান হচ্ছে একটা বেলুন। একটা সুই নিয়ে রেডি থাকবেন, টোকা দিলেই ফুস হয়ে যাবে।” তিনি অভিযোগ করেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবর্তে নির্দিষ্ট একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য ‘সিলেকশন’ প্রক্রিয়া আয়োজন করা হচ্ছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, জনগণের ভোটাধিকার উপেক্ষা করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ক্ষমতার পালাবদলের চেষ্টা করা হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি। তিনি এ ধরনের উদ্যোগ থেকে সরে এসে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সমাবেশে এনসিপি ও জুলাই ঐক্যের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তারা নির্বাচনি ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার দাবি জানান।












