ধামরাই(ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ তমিজ উদ্দিনের পক্ষে ভোট চেয়েছেন ধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধারা। প্রায় ছয় শতাধিক মুক্তিযোদ্ধা ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ধামরাইয়ের যাত্রাবাড়ি মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে বের হয়ে ধামরাই বাজার, উপজেলা পরিষদ চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও লিফলেট বিতরণ করেন তারা।
মুক্তিযোদ্ধারা বলেন, ‘আমরা সবসময় ৭১-এর চেতনায় বিশ্বাসী। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা উপজেলার ছয় শতাধিক মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছি। ধানের শীষকে জয়ী করে ঘরে ফিরব।’
মুক্তিযোদ্ধারা আরও বলেন, ‘যারা ৭১-এর যুদ্ধের সময় দেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, নিরীহ মা বোনদের ধরে নিয়ে গেছে, তারা যদি বিজয়ী হয় তাহলে এদেশের ইতিহাস সংস্কৃতি সব কিছু ধুলোর সঙ্গে মিশিয়ে দিবে। তাদের মত করে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবে। তাই যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কখনো ভুল করবে না। কারণ মুক্তিযোদ্ধারা স্বাধীনতা বিরোধীদের ভোট দিতে পারে না। একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল আরেকটি মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। যারা কখনো গুলি চালাতে দ্বিধা করত না। তাদের জনগণ ভোট দিতে পারে না। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল আরেকটি মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। মানুষ কখনো বিপক্ষের দলকে ভোট দিবে না। তারা নারীদের কখনো মূল্যায়ন করেনি এবং আমাদের বুকে গুলি চালাতেও দ্বিধা করত না।’
ভোট প্রার্থনা শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তোলা, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও নবযুগ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খানসহ অনেকে।












