জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ভোটাধিকার পেতে মানুষ ১৬ বছরে জীবন দিয়েছে। বহু মানুষ পঙ্গুত্ববরণ করেছে। হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে। আমরা তাদের এ আত্মত্যাগকে অস্বীকার করতে পারি না।
বিএনপি চেয়ারম্যান বলেছেন, গত ১৬ বছরে দেশের কোথাও প্রকৃত উন্নয়ন হয়নি। তার ভাষ্য অনুযায়ী, উন্নয়নের নামে কেবল মেগা প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এবং সে লক্ষ্যেই দলটির পক্ষ থেকে একাধিক বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএনপি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে শুধু নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই দলের মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপি দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে চায়। একে একে প্রতিটি পরিবার স্বাবলম্বী হলে পুরো দেশের জনগণই একদিন স্বনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষি ও কৃষকদের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি কৃষকদের মেরুদণ্ড শক্তিশালী করতে চায়। এ জন্য বিএনপি সরকার গঠন করলে কৃষকদের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিনা সুদে সার ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন। এছাড়াও তাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ বিএনপি ক্ষমতায় গেলে মওকুফ করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান।












