• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির জন্য দুর্ভাগ্য: সালাহউদ্দিন

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২০
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২০

9633332

স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির জন্য দুর্ভাগ্য: সালাহউদ্দিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল একদিকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, অন্যদিকে আবার মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাচ্ছে, এটি জাতির জন্য চরম দুর্ভাগ্যের। যারা কখনো এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতি করেছে, তারাই আজ ইতিহাসের বয়ান দিচ্ছে।

সোমবার বিকালে কক্সবাজার-১ সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে আয়োজিত চকরিয়ায় নির্বাচনি শেষ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা এ দেশের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বলে। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে এনে তারা দাবি করে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে—এটাই আমাদের জাতির দুর্ভাগ্য।”

তিনি বলেন, মহান আল্লাহ জনগণের দোয়া কবুল করেছেন বলেই তার জন্ম হয়েছে এ দেশের মানুষের সেবা করার জন্য এবং গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহযোগিতা করুন।”

দীর্ঘ ১৭ বছর পর জনগণের কাছে অনেক আশা ও ভরসা নিয়ে হাজির হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি ঐতিহাসিক ও প্রতীক্ষিত নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই এ দেশের জনগণের ভাগ্য নির্ধারিত হবে। আজ দায়িত্ব ও কর্তব্যের বোঝা অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের দল উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র ও উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, যারা নির্বাচনে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের তিনি স্বাগত জানাচ্ছি এটাই গণতন্ত্রের সংস্কৃতি। তবে তাদের অতীত ইতিহাসে স্বাধীনতা ও উন্নয়নের কোনো বাস্তব অবদান নেই—এ কথা দেশের মানুষ জানে।

নির্বাচনে জয়ী হলে পেকুয়া ও চকরিয়াকে উন্নয়নে ভরপুর করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তার রাজনীতিতে আসা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী জেলা ওলামা দলের আহবায়ক আলী হাছান চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com