জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটের প্রাক্কালে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে আগামী জাতীয় নির্বাচনে সমর্থনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ‘‘বিদেশ থেকে দেশে ফিরে যতটুকু সময় সম্ভব আপনাদের কাছে পৌঁছেছি। বিএনপির প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তা উপলব্ধি করেছি। ১২ ফেব্রুয়ারি আবারো আপনাদের ভালোবাসা ধানের শীষের প্রতি প্রদর্শনের দিন।’’
তিনি অতীতের ভুল ত্রুটি স্বীকার করে বলেন, ‘‘দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুল হয়েছে, এজন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে আমি আপনার সমর্থন চাই।’’
তারেক রহমান বলেন, ‘‘রাষ্ট্র পরিচালনায় জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইন শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি পরিকল্পনার বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনার ভোট চাই।’’
তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আপনারা ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।’’
বিএনপি চেয়ারম্যান দেশের সকল নাগরিকের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘‘বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি ধর্মের মানুষ শান্তি ও নিরাপত্তা পাবে। দেশবাসী ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে মিলেমিশে বাংলাদেশ গড়ে তুলবে।’’
তারেক রহমান শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, ‘‘আপনারা যারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, স্বাধীনতা ও গণতন্ত্রকে প্রাধান্য দেন, তারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন। ধানের শীষের বিজয় মানে বাংলাদেশের বিজয়, স্বাধীন সার্বভৌম ও মুক্ত বাংলাদেশ।’’
তিনি দেশের প্রশাসন সংস্কার, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় পে-স্কেল বাস্তবায়ন, কৃষি ও প্রবাসী কার্ড, বেকারদের জন্য কর্মসংস্থান ও ভাতা, ধর্মীয় বিশ্বাস সংরক্ষণসহ বিএনপির ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ‘‘সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে। আমরা চাই, সকল বিশ্বাসী বিভ্রান্ত হবেন না, সতর্ক থাকুন।’’
তিনি তার বক্তব্য শেষ করেন বাংলাদেশী জনগণের সমর্থনে ধানের শীষ বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে।













