বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
হঠাৎ সফরে বান্দরবানের লামা ও আলীকদমে গিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২২ ফেব্রুয়ারি) পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন বাজার এলাকায় তাকে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে হাসনাত আবদুল্লাহ উপজেলার ইয়াংছা চেক পোস্টসংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা যায়। ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন।
আকস্মিকভাবে কেন তার এ সংক্ষিপ্ত সফর- এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি। পরে তার সফরের বিষয়ে তিনি জেনেছেন। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আকস্মিক এ সফরে আলীকদম ও লামা উপজেলার বাসিন্দাদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।













