জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাকর্মকর্তাদের পরিবারের অশ্রু ও আহাজারি জাতির জন্য একটি অভিশাপ হয়ে আছে। তিনি বলেন, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত ও সুবিচার নিশ্চিত করতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করা হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণ ও বিচারের দাবিতে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চক্রান্ত। দীর্ঘদিন ধরে এই ঘটনার বিচার ঝুলিয়ে রাখা হয়েছে। অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।” তিনি আরও বলেন, বিচারের নামে যেসব নিরপরাধ বিডিআর সদস্য শাস্তি পেয়েছেন, তাদের মুক্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও তিনি জানিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি বড় ট্র্যাজেডি। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য আহ্বান জানান।
সভাপতির দায়িত্বে থাকা ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের নিশ্চয়তা দেওয়া জরুরি। তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সভা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাকর্মকর্তাসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

