• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ১:০১
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ১:০১

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বরিশাল শিক্ষা বোর্ডের গাফিলতিতে ৩৮ হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ‘জেন্ডার’ ভুল হয়েছে। যেসব শিক্ষার্থী পুরুষ, তাদের রেজিস্ট্রেশনে ‘ফিমেল’ উল্লেখ করা হয়েছে। ত্রুটিপূর্ণ এসব রেজিস্ট্রেশন কার্ড ইতোমধ্যে বিভিন্ন কলেজে বিতরণও করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এমন ভুলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে এখন তাদের কলেজ ও শিক্ষা বোর্ডে ঘুরতে হচ্ছে জেন্ডার সংশোধনের জন্য।

বোর্ড সূত্র জানায়, কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর বোর্ড কর্তৃপক্ষ নিজ খরচে ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যাদের অবহেলায় এ ত্রুটি ঘটেছে, তাদের শোকজ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী জুন মাসের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বিভাগের ছয়টি জেলা থেকে বোর্ডের অধীনে ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। নিয়ম অনুযায়ী কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার প্রায় ছয় মাস পর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

এইচএসসি পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয়। সে অনুযায়ী দুই দিন আগে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে বোর্ড। ইতোমধ্যে চারটি জেলার কলেজে এসব কার্ড বিতরণ করা হয়েছে।

ঝালকাঠিসহ দুটি জেলায় কার্ড বিতরণের সময় জেন্ডার ত্রুটির বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, মোট ৩৮ হাজার পুরুষ শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ‘ফিমেল’ উল্লেখ রয়েছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীরা কলেজে এবং কলেজ কর্তৃপক্ষ বোর্ড কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রামের সেটিংসজনিত সমস্যার কারণে এত বড় ভুল হয়েছে। অপারেটরের অসাবধানতাই এর মূল কারণ। এজন্য সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগেই ত্রুটি ধরা পড়ায় তা সংশোধন করা সহজ হয়েছে। শিক্ষার্থীদের কোনো ধরনের ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ভুল সংশোধন করে দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই দ্রুত সমাধান দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অধ্যাপক শহিদুল ইসলাম জানান, গত রবিবার থেকে অনেকগুলো রেজিস্ট্রেশন ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। তার মতে, এটি বড় কোনো সমস্যা নয় এবং দ্রুতই সব ভুল সংশোধন সম্পন্ন করা সম্ভব হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com