দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ছবি প্রতিনিধি
দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়ের সময় এসব কথা বলেন তিনি।
সভার শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ড. মোশাররফ বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজ করতে হবে। জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত কোনো শৈথিল্য প্রদর্শন কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি। অপরাধী তো অপরাধীই। তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

