জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) নদীয়া জেলার শান্তিপুরের কাছ থেকে তাকে আটক করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ফয়সাল করিম এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেছিলেন।
বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এসটিএফ জানায়, গ্রেপ্তারের পর ফিলিপ সাংমাকে আদালতে তোলা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত (৭ মার্চ) রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।
বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।












