জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার ভারতের কাছে যে চিঠি দিয়েছিল, তার জবাব এখনো দেয়নি দিল্লি। নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় হাইকমিশনারের কাছে মৌখিকভাবে তুলেছে। তবে এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আসার এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। এসব বৈঠকে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে কথা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে, এর কোনটায় সাজা হয়েছে তা নিয়ে আমরা কথা বলেছি।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতে গ্রেপ্তারদের ফেরত আনার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কিছু কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আপডেট দেওয়ার পর তাদের ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলব।’
তিনি বলেন, ‘কনস্যুলার অ্যাক্সেস নিয়েও আলোচনা চলছে। আমরা আশা করি, খুব শিগগির তা পেয়ে যাব।’
কনস্যুলার অ্যাক্সেস পেতে এত দেরি কেন, এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা ভারত বলতে পারবে। আমরা তো পুশ করছি। হাদি হত্যার আসামিরা যদি ভারতে গ্রেপ্তার হয়ে থাকে, তাদের ফিরিয়ে এনে সাজা দেওয়াটা আমাদের অগ্রাধিকার। সেটার বিচার আমরা নিশ্চিত করব।’

