• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:১৮
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:১৮

96000258

এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র ও প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার।

শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়। এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসময় শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস বা নকল প্রতিরোধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখা যায়।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সকল কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো। ১১ দফা নির্দেশনা হলো-

১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমান) পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।

২. যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।

৪. সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৭. পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।

৮. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।

৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

১১. সর্বোপরি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। উপরোল্লিখিত নির্দেশনাসমূহ প্রতিপালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে চিঠিতে এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com