• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ বাস্তবায়ন না হলে অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু

প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১০:২১
আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১০:২১

96333326

জুলাই সনদ বাস্তবায়ন না হলে অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে। অন‍্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছেন তা খুবই হতাশাজনক। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে’ এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর, কাকরাইল, নয়াপল্টন ও পল্টন মোড় হয়ে এবি পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটত তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমানসহ সব মুক্তিযোদ্ধা দেশদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন। আজকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় এলে তারেক রহমান, শফিকুর রহমান, ড. ইউনূস, নাহিদ ইসলামসহ আমাদের সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে।’

সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘গণভোট, জুলাই জাতীয় সনদ আদেশ ও জুলাই সনদকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ‍্যাসিবাদি আওয়ামী লীগের কণ্ঠে সুর মিলানোর শামিল।’

তিনি আরও বলেন, ‘রাজপথই বাংলাদেশের ইতিহাস বারবার বদলে দেয়। যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা হয়, তবে আমাদের রাজপথই বেছে নিতে হবে এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা জুলাইয়ের শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম ও আনাসসহ ৬ বছরের শিশু শহিদ রিয়া গোপকে ভুলতে পারব না। জুলাইয়ের শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা রক্ষা করবই।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, শ্রমিকবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, গাজীপুর মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, উত্তরের সদস্যসচিব সামিউল ইসলাম সবুজ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com