• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৭:২৪
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৭:২৪

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজ শেষে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একদল কর্মী।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশই মুখে সার্জিক্যাল মাস্ক ও কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন। কারও চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, প্রায় ৩০ জন এ মিছিলে অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ধরনের আকস্মিক কর্মসূচি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী কাকুলীর মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে। পুলিশ পৌঁছানোর আগেই তারা দ্রুত সরে পড়ে। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।