• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ভূত বাংলা’ মুক্তির পরই বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৪
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৪

96598410

ভূত বাংলা’ মুক্তির পরই বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
গত ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে হরর কমেডি সিনেমা ‘ভূত বাংলা’। এতে ‘যশোদা’ চরিত্রে অভিনয় করে বরাবরের মতো দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন তব্বু। সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ব্যক্তিগত জীবনে বড় এক অর্জনের খবর দিলেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের অভিজাত এলাকা ভারসোভায় আরব সাগরের তীরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি।

মুম্বাইয়ের রিয়েল এস্টেট খবরের তথ্য অনুযায়ী, গোদরেজ প্রোপার্টিজের ‘গোদরেজ স্কাইসোর’ প্রকল্পের অধীনে এই নতুন ফ্ল্যাটটি কিনেছেন তব্বু। ২ হাজার ১৫৩ বর্গফুট আয়তনের এই বিশাল ফ্ল্যাটটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। গত ২৬ মার্চ আর্থিক লেনদেনের কাজ সম্পন্ন হয়েছে।

চুক্তি মোতাবেক ৫.২৪ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি ইতোমধ্যে পরিশোধ করেছেন অভিনেত্রী। বিলাসবহুল এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে ১২৭ বর্গফুটের একটি ঝুলন্ত বারান্দা এবং দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা। তব্বু যে আবাসনটিতে থাকছেন, সেখানে মোট ১২৬টি ফ্ল্যাট রয়েছে যা আধুনিক সব সুযোগ-সুবিধা সম্পন্ন।

উল্লেখ্য, মুম্বাইয়ের ভারসোভা এলাকাটি তারকাদের বসবাসের জন্য বেশ পরিচিত। এর আগে ২০২৫ সালে অভিনেত্রী গওহর খানও এই এলাকায় ফ্ল্যাট কিনেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী তব্বুর নাম। অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা সালমান খানের মতো মেগাস্টারদের ঠিকানাও এই একই অঞ্চলের আশেপাশে।

দীর্ঘ ক্যারিয়ারে তব্বু নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। ‘মকবুল’, ‘হায়দার’ কিংবা ‘অন্ধাধুন’ সবখানেই তার সাবলীল পদচারণা মুগ্ধ করেছে ভক্তদের। কাজের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার এবং ২০১১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান ‘পদ্মশ্রী’ লাভ করেছেন তিনি। নতুন এই রাজকীয় আবাস তব্বুর ক্যারিয়ারের সাফল্যের মুকুটে যেন আরও একটি পালক যোগ করল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com