জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের ক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের প্রতিবেদনের বিষয়টি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসার পরই এ উদ্যোগ নেওয়া হইয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিনকে (নিজান), সদস্য হিসেবে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এবং মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।
কমিটিকে সরেজমিনে তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিল পরিশোধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে। সংসদ সচিবালয় আশা করছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির স্বচ্ছ সমাধান পাওয়া যাবে।












