জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় এসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, ডিপার্টমেন্ট অব স্টেট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। উল্লেখ করা হয়েছে, এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সহায়তা গ্রহণের হার বেশি। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, পর্যটক বা শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।
আরও জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ সংশ্লিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে।
এর আগে, গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা গ্রহণ করছেন, সে সম্পর্কিত একটি তালিকা প্রকাশ করেন।
‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামের ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনোভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে।
তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশও স্থান পেয়েছে। এগুলো হলো ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল।












