• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:২৩
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ২:২৩

গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

ভোলা প্রতিনিধি
ছবি: ভিডিও থেকে
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, “ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে।”

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে- এটাই আমাদের প্রত্যাশা।

বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। এর ফলে দেশের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্কের পরিবেশ ছিল, তা অনেকটাই কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজ পরাশক্তির নানা নির্যাতন ও চাপে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।

ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।